কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারগুলোতে কমেছে সবজির সরবরাহ। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। ফলে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। রাজধানীর বাজারে এখন সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গোল বেগুন। প্রতি কেজি গোল বেগুনের দাম উঠেছে ১৪০ টাকা। অন্যদিকে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে, প্রতি কেজি ৩০ টাকা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পটল ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, ঝিঙা ৮০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি কেজি করলা ৮০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১০০ টাকা, গাজর ১৪০ টাকা, কচু ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা এবং ঢ্যাঁড়স ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা এবং প্রতি হালি কাঁচা কলার দাম ৪০ টাকা।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী ইমরান হোসেন বলেন, আজ বাজার করতে এসে দেখছি সবজির দাম বাড়তি। বলতে গেলে প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। গত সপ্তাহে তুলনামূলক কম দামে সবজি পাওয়া গেলেও আজ বেশ বাড়তি দাম।
সবজির দাম বাড়ার কারণ জানতে চাইলে রামপুরা বাজারের সবজি বিক্রেতা আলাউদ্দিন হোসেন বলেন, কয়েকদিনের বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে। আজ পাইকারি বাজার থেকে সবজি কিনতে গিয়ে দেখেছি, প্রায় সব সবজির দামই বেড়েছে।তিনি আরও বলেন, আজকের বাজারে সবচেয়ে বেশি দাম যাচ্ছে বেগুনের। গোল বেগুন প্রতি কেজি ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁপে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে, প্রতি কেজি ৩০ টাকা। বৃষ্টি থেমে গেলে বাজারে সরবরাহ স্বাভাবিক হবে এবং তখন সবজির দামও কমে আসবে বলে আশা করছি।