বান্দরবানের থানচিতে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকানপাট পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে বলিবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানিয়েছে, রাতে হঠাৎ করে একটি দোকানে আগুনে দেখতে পায় বাজারে দ্বায়িত্বরত চৌকিদার। পরে দ্রুত আকারে পাশ্ববর্তী দোকান গুলোতে আগুন ছড়িয়ে গেলে ১৩টি দোকান পাট আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকান্ডে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে পুলিশ বিজিবি যৌথভাবে চেষ্টায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যবসায়ী উহ্লাশৈ বলেন, ‘২০২০ সালের ১০৯টি দোকান ২০২৩ সালে ৫০টি, ২০২৫ সালে ১৩টি দোকানপাট ও সবশেষ চলতি বছরে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘুরে দাঁড়ানো দূরের কথা বারবার ক্ষতিগ্রস্থ হচ্ছে বলিপাড়া ব্যবসায়ীরা।’অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিন্দু চাকমা বলেন, ‘১৩টি দোকানের কোনো দোকানদারই রাতে দোকানে থাকেন না। কোনো দোকানে ফ্রিজ চালু রেখে যাওয়ার কারণে ফ্রিজে ত্রুটি বা বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।’
বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, ‘অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামালসহ আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, ‘প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’