বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক / ২৭ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে দুটি মিনিবাস ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষের পর সেগুলোতে একটি এসইউভি ধাক্কা দিলে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। বার্তাসংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।রবিবার রাতে প্রিন্স অ্যালবার্ট ও লি-গামকার ছোট শহরের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার পূর্বে।জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশন (আরটিএমসি) জানিয়েছে, দুর্ঘটনায় দুটি টয়োটা মিনিবাস ট্যাক্সি ও একটি সুজুকি এসইউভি জড়িত ছিলো।

পুলিশের মুখপাত্র ওয়ারেন্ট অফিসার ক্রিস্টোফার স্পাইস জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১৮ জনকে মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান। ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ জনে। ওয়েস্টার্ন কেপ মোবিলিটি বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

আরটিএমসি জানিয়েছে, ওয়েস্টার্ন কেপে জরুরি সেবাদানকারী সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে মূল্যায়ন চালিয়ে যাচ্ছে। তাই নিহতের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশ বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা করেছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। আরটিএমসিও ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠিয়েছে।

সরকার জানিয়েছে, সপ্তাহান্তে দক্ষিণ আফ্রিকাজুড়ে ঘটে যাওয়া দুটি বড় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে রোববার ভোরে এমপুমালাঙ্গা প্রদেশের এরমেলোর কাছে পৃথক এক দুর্ঘটনায় আটজন নিহত হন।দক্ষিণ আফ্রিকায় লাখো মানুষের প্রধান গণপরিবহন হিসেবে মিনিবাস ট্যাক্সি ব্যবহৃত হয়। তবে এসব যান প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। চলতি বছরের জানুয়ারিতে পৃথক দুটি মিনিবাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হন। তাদের মধ্যে ১৪ জন ছিল শিশু।


এই বিভাগের আরো খবর