বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

লিগ কাপে আর্সেনাল ও লিভারপুলের বড় জয়

স্পোর্টস ডেস্ক / ৫ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
লিগ কাপে আর্সেনাল ও লিভারপুলের বড় জয়

লিগ কাপের তৃতীয় রাউন্ডে পৃথক ম্যাচে দাপুটে জয় পেয়েছে ইংলিশ ফুটবলের দুই পরাশক্তি আর্সেনাল ও লিভারপুল। বুধবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচগুলোতে বড় ব্যবধানের জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে দল দুটি।

লিভারপুল তাদের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হয়েছিল। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে হতাশাজনক শুরুর পর অ্যানফিল্ডের বৃষ্টিভেজা রাতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল টটেনহ্যাম। কিন্তু তাদের সেই আশায় জল ঢেলে দিয়ে নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় অলরেডরা। ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়ে বড় জয় তুলে নেয় লিভারপুল। অলরেডদের হয়ে গোল তিনটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, কোডি গাকপো এবং ডমিনিক সোবোসলাই। গত মৌসুমে শেষ দিনে রেলিগেশন বাঁচিয়ে ১৭ নম্বরে শেষ করার পর, এই গ্রীষ্মে ৩০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি খরচে ১০ জন নতুন ফুটবলার সাইন করায় উত্তর লন্ডনের ক্লাবটি। কিন্তু বিশাল সেই বিনিয়োগের ফল এখনও মেলেনি, যা ক্লাবটিকে আবারও রেলিগেশন লড়াইয়ের আশঙ্কায় ফেলে দিয়েছে।

অন্য ম্যাচে আর্সেনাল মুখোমুখি হয়েছিল ইপসউইচ টাউনের। পোর্টম্যান রোডে তরুণ তারকা ম্যাক্স ডাওম্যানের নৈপুণ্য আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতাকে তাঁর প্রতিভার কথা আবারও মনে করিয়ে দিয়েছে। ইপসউইচ টাউনকে ৪-২ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে আর্সেনালের ১৬ বছর বয়সী বিস্ময় বালক ম্যাক্স ডাওম্যান জোড়া গোল করে চমক দেখিয়েছেন। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির কাছে লিগ কাপের ফাইনালে হেরে যাওয়া আর্সেনাল চলতি মরসুমে সব ধরনের প্রতিযোগিতায় খেলা ছয়টি ম্যাচের সবকটিতেই জয়লাভ করেছে।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় আর্সেনাল। ম্যাচের সপ্তম মিনিটে নিজের দক্ষতার ঝলক দেখান ডাওম্যান। সেড্রিক কিপ্রেকে পায়ের জাদুতে পরাস্ত করে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন তিনি। ১৬ মিনিটে ননি মাদুয়েকে পেনাল্টি বক্সের ভেতর থেকে নিচু শটে গোল করে আর্সেনালের ব্যবধান ২-০ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মিনিটে) নিজের দ্বিতীয় গোল পান ডাওম্যান। মার্তিন জুবিমেন্দির পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে স্কোর ৩-০ করেন তিনি। ৫৮ মিনিটে ডাওম্যানের অ্যাসিস্ট থেকেই বাঁকানো শটে গানারদের চতুর্থ গোলটি করেন মিকেল মেরিনো। ৬২ মিনিটে আনিস মেহমেতি এবং অতিরিক্ত সময়ে চুবা আকপম আইপসউইচের হয়ে দুটি গোল শোধ করলেও তা আর্সেনালের বিশাল জয় আটকানোর জন্য যথেষ্ট ছিল না।

লিগ কাপের অন্য ম্যাচে ব্রাইটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড, কোভেন্ট্রির মাঠে খেলবে অ্যাস্টন ভিলা এবং উলভসের মুখোমুখি হবে এভারটন। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি নরউইচকে আতিথ্য দেবে।


এই বিভাগের আরো খবর