মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

ভোটের তারিখ নির্ধারণ করলো ইসি

ডেস্ক / ১১০ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ভোটের তারিখ নির্ধারণ করলো ইসি

দেশে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি। পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে ভোট হবে, তা চূড়ান্ত করতে সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভায় বসেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চার নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, সভায় পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও বিস্তারিত পরিকল্পনা পর্যালোচনা করা হচ্ছে। প্রতিটি ধাপে কতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে বিষয়েও আলোচনা হচ্ছে।নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, উপজেলা সদর ও সদরসংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোকেও প্রথম দিকের ধাপগুলোতে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এদিকে কমিশন সভার আলোচ্যসূচিতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন ও বিতরণের বিষয়টিও রয়েছে। আইডিইএ প্রকল্পের আওতায় গঠিত পার্সোনালাইজেশন সেন্টারের মাধ্যমে স্মার্ট এনআইডি কার্ডের উৎপাদন, পার্সোনালাইজেশন ও বিতরণ কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সাথে এ কার্যক্রমে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

সভায় ইউপি নির্বাচনের ধাপভিত্তিক প্রস্তুতি চূড়ান্ত করার পাশাপাশি স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রমের অগ্রগতি ও সংশ্লিষ্ট প্রশাসনিক বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর