জগন্নাথপুরে দুই দফা হামলায় ঝালমুড়ি ব্যবসায়ী আহত
সুনামগঞ্জের জগন্নাথপুরে রাস্তার জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই দফা হামলার ঘটনায় ঝালমুড়ি ব্যবসায়ী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে,জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, রাস্তার জায়গা নিয়ে শেরপুর গ্রামের ঝালমুড়ি ব্যবসায়ী রিবন মিয়া ও আবদুল হাসিম আবদুল জলিল সহোদরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এরই জের ধরে গত ৩০ মার্চ দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষ আবদুল হাসিম ও আবদুল জলিলের লোকজনের হামলায় ঝালমুড়ি ব্যবসায়ী রিবন মিয়া ও রোয়াব উল্লাহ আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। বিষয়টি নিস্পত্তির লক্ষ্যে শালিসিরা উদ্যোগ নিলেও সমাধান হওয়ার আগেই দ্বিতীয় দফা হামলার ঘটনা ঘটে।
২ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে আবদুল হাসিম, আবদুল জলিল, নুর হোসেন ও দ্বিতীয় নুর হোসেন সহ প্রতিপক্ষের লোকজনের হামলায় ফের ঝালমুড়ি ব্যবসায়ী রিবন মিয়া গুরুতর আহত হন। আহতকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে কর্তব্যরত ডা.শহিদুল্লাহ কাওসার নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।