শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

এভারকেয়ারের পাশে ওঠা-নামা করবে হেলিকপ্টার, বিভ্রান্ত না হতে অনুরোধ

ডেস্ক রিপোর্ট / ১৮৯ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
এভারকেয়ারের পাশে ওঠা-নামা করবে হেলিকপ্টার, বিভ্রান্ত না হতে অনুরোধ

আগামীকাল বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালের পাশে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিপক্টার অবতরণ ও উড্ডয়ন করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এসএসএফ’র নিরাপত্তা প্রটোকল অনুযায়ী পরীক্ষামূলক এ কার্যক্রম চলবে।

আজ বুধবার (০৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

বার্তায় এ ঘটনায় বিভ্রান্ত না হতে বা অপপ্রচার না চালাতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার।

এর প্রেক্ষিতে খালেদা জিয়াকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা দেওয়া শুরু করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন।

এসএসএফ’র নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ বিষয়ে কোন ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

 


এই বিভাগের আরো খবর