শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

কবে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন

ডেস্ক / ১২৬ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১১ মার্চ, ২০২৬
কবে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন

কবে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল কবে বাস্তবায়ন হবে-এ প্রশ্ন দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। অবশেষে এ বিষয়ে সরকারের ভেতরে নীতিগত আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে একবারে পুরো বেতন কাঠামো কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। সরকারি সূত্র জানায়, আন্তর্জাতিক সংঘাত ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। জ্বালানির দাম বৃদ্ধি, মূল্যস্ফীতির চাপ এবং রাজস্ব ঘাটতি বেড়ে যাওয়ায় সরকারের আর্থিক সক্ষমতা কিছুটা সীমিত হয়ে পড়েছে। বর্তমানে সরকারের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকারও বেশি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই পরিস্থিতিতে নতুন পে স্কেল একবারে পুরোপুরি বাস্তবায়ন করা কঠিন বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়। তাই ধাপে ধাপে বাস্তবায়নের নীতি গ্রহণের দিকেই ঝুঁকছে সরকার, যাতে সরকারি কর্মচারীরা ধীরে ধীরে সুবিধা পান এবং একই সঙ্গে সরকারের ওপর আর্থিক চাপও নিয়ন্ত্রণে থাকে। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পরপরই শুরু হবে বাজেট অধিবেশন। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ অধিবেশনে অর্থনৈতিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি নতুন পে স্কেল নিয়েও আলোচনা হতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যে পে কমিশনের সুপারিশ ও প্রতিবেদন পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পে কমিশনের সুপারিশ দেখে সরকারের পক্ষে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব, সেটি আগে নির্ধারণ করা হবে। তিনি বলেন, বর্তমানে দেশের ট্যাক্স আয় ও জিডিপির অনুপাত তুলনামূলকভাবে কম। এর সঙ্গে মূল্যস্ফীতির চাপ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত অর্থনৈতিক প্রভাবও রয়েছে। ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আগে সব দিক বিবেচনায় নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।
জানা গেছে, আগামী অর্থবছর ২০২৬-২৭ সামনে রেখে প্রস্তাবিত নবম পে স্কেল রিভিউ করার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে ধাপে ধাপে এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হতে পারে।উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য এর আগে ২১ সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়েছিল। কমিশনের প্রধান ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কমিশন ইতোমধ্যে তাদের সুপারিশ ও প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। বর্তমানে সেই প্রতিবেদন পর্যালোচনা করে বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে এবং সরকারের রাজস্ব আয় বাড়লে নতুন পে স্কেল বাস্তবায়নের পথ আরও পরিষ্কার হতে পারে। তবে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে বলেও জানা গেছে।


এই বিভাগের আরো খবর