সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

জৈন্তাপুরে টিকাদান কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

প্রতিবেদক / ৫৪ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
জৈন্তাপুরে টিকাদান কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

জৈন্তাপুরে টিকাদান কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিকাদান কর্মসূচি ও খাল পুনঃখননসহ দুটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কার্যক্রমের উদ্বোধন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

সকালে উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ এর উদ্বোধন করেন মন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফের সহযোগিতায় এবং জেলা সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষায় টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি জানান, জৈন্তাপুর উপজেলায় প্রায় ২৭ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে একটি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১২১টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে।মন্ত্রী জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও স্বেচ্ছাসেবীদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, “৫ মাস থেকে ৫৯ মাস বয়সী কোনো শিশুই যেন টিকাদান থেকে বাদ না পড়ে।”

তিনি আরও বলেন, টিকা গ্রহণের পর সামান্য জ্বর হওয়া স্বাভাবিক—এ বিষয়ে কুসংস্কার পরিহারের জন্য সবাইকে সচেতন থাকতে হবে।দুপুরে উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের ভুগলিখাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ কার্যক্রম শুরু হয়েছে।এ সময় মন্ত্রী বলেন, খাল পুনঃখনন দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধারে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।এর আগে মন্ত্রী চারিকাটা ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বাস্তবায়নাধীন “ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি” প্রকল্পের আওতায় জাফরাং খাল পুনঃখনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারিস উদ্দিন আহমদ, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক ও স্থানীয় জনগণ।


এই বিভাগের আরো খবর