বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই

ডেস্ক / ৬৮ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৭ জুন, ২০২৬

বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই
রাজধানীর আদাবরে দোকানে ঢুকে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই ও দুই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় কব্জি কাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ (৩৩) পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১৭ জুন) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম।

মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-২ এর একটি দল।

গ্রেফতার অন্যরা হলেন- রাশেদ খন্দকার (৩২), মো. লিটন (২৮), মো. তৌসিফ (৩০) এবং মো. তরিকুল ইসলাম (২৫)।

তিনি বলেন, কব্জি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রুপের বাকি সদস্যদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকালে আদাবরের একটি বিকাশের দোকানে ঢুকে বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে প্রকাশ্যে কুপিয়ে তার কাছে থাকা তিন লাখ টাকা এবং বিকাশ লেনদেনের মোবাইল ফোন ছিনিয়ে নেয় কব্জি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় শফিকুলকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী শফিকুল দোকান খুলে বসার কিছুক্ষণের মধ্যেই চার থেকে পাঁচজন যুবক চাপাতি হাতে দোকানে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা শফিকুলের ডান হাতে কোপ দেয়। পরে দোকানে থাকা নগদ টাকা ও বিকাশের মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে আদাবর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। স্থানীয় সূত্র, সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সাহায্যে পুলিশ জানতে পারে, ছিনতাইয়ে জড়িত কয়েকজন সদস্য ঢাকা উদ্যান এলাকার ডেলটা গার্মেন্টসের পেছনে একটি আস্তানায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বিকালে সেখানে অভিযানে যায় পুলিশ।

পুলিশের দাবি, ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধভাবে দেশিয় অস্ত্র ও ধারালো চাপাতি নিয়ে পুলিশের ওপর হামলা করে। তারা প্রথমে আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের ওপর হামলা করে। পরে এসআই তরুণ কুমারকেও চাপাতি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। এসময় পুলিশ সদস্যরা আত্মরক্ষায় পালটা গুলি চালালে চোরা রুবেল ও কানা আমির নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে তাদের আটক করে হাসপাতালে পাঠানো হয়। একই সময় কাশেম ও মো. জয় নামে আরও দুজনকে আটক করা হয়।


এই বিভাগের আরো খবর