কিশোরগঞ্জের পাকুন্দিয়ার যাত্রীবাহী বাস ও ও গরু বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় মারা যায় ছয়টি গরু। সোমবার (৬ জুলাই ) বিকালে কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারের ব্র্যাক ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা হলেন- পিকআপে থাকা নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল (৩৫), খুরশেদ (৬০) ও পিকআপের চালক একই গ্রামের খোকন (৩৯)।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী ‘অনন্যা ক্লাসিক’ পরিবহনের বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ জেলা সদরে যাচ্ছিল। অন্যদিকে গরুবোঝাই পিকআপ ভ্যানটি কিশোরগঞ্জ থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। সুখিয়া বাজার এলাকায় বাসটির সাথে বিপরীত দিক থেকে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহতরা সবাই পিকআপভ্যানের চালকসহ আরোহী। দুর্ঘটনায় দুইজন বাসের চালক ও সহযোগী (হেলপার)সহ পাঁচজন আহত হয়েছেন।পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ সারোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় পিকআপের ভেতর আটকে থাকা কয়েকজনকে উদ্ধার করা হয়। নিহত তিনজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।