টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় সৃষ্ট সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সোমবার (৬ জুলাই) রাত নয়টায় বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই নির্দেশনাকালীন সময়ে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনসহ জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।