মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

২০২৬ ব্যালন ডি’অর: শীর্ষ পাঁচে কারা?

স্পোর্টস ডেস্ক / ২৯ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
২০২৬ ব্যালন ডি’অর: শীর্ষ পাঁচে কারা?

বিশ্বকাপ শেষ হলেও ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু এখন ২০২৬ সালের ব্যালন ডি’অর। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি পুরো মৌসুমজুড়ে ধারাবাহিক নৈপুণ্য দেখানো ফুটবলাররাই এবার মর্যাদাপূর্ণ এই পুরস্কারের দৌড়ে এগিয়ে আছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সর্বশেষ পাওয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে জায়গা পেয়েছেন রদ্রি, হ্যারি কেইন, লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপে এবং লিওনেল মেসি।

তালিকার এক নম্বরে রয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। ক্লাব পর্যায়ে ইনজুরির কারণে মৌসুমের শুরুটা প্রত্যাশামতো না হলেও বিশ্বকাপে গোল্ডেন বল জয়ের পাশাপাশি স্পেনকে শিরোপা এনে দিয়ে আবারও নিজেকে ব্যালন ডি’অরের অন্যতম প্রধান দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন বায়ার্ন মিউনিখের হয়ে ২০২৫-২৬ মৌসুমে ৫১ ম্যাচে ৬১ গোল করেছেন। একই সঙ্গে দলকে লিগ ও কাপ—দুই শিরোপাই জিতিয়েছেন। বিশ্বকাপেও ইংল্যান্ডের হয়ে ছয় গোল করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

তৃতীয় স্থানে আছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ—দুই বড় আন্তর্জাতিক শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। বার্সেলোনার হয়েও দারুণ মৌসুম কাটিয়ে ভবিষ্যতের ব্যালন ডি’অর জয়ী হিসেবে নিজেকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন।

চতুর্থ স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জেতার পাশাপাশি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন। যদিও রিয়াল মাদ্রিদের হয়ে বড় কোনো শিরোপা না পাওয়ায় র‌্যাঙ্কিংয়ে আরও ওপরে উঠতে পারেননি।

পঞ্চম স্থানে আছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও বিশ্বকাপে আট গোল করে দলকে ফাইনালে তুলেছেন তিনি। শিরোপা জিততে না পারলেও পুরো টুর্নামেন্টে তার অসাধারণ পারফরম্যান্স আবারও প্রমাণ করেছে, বড় মঞ্চে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য এখনো অটুট রয়েছে তার।


এই বিভাগের আরো খবর