সিলেটে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
মারা যাওয়া তিনজন হলেন বর্ণা রাণী দাস (১৮), এহসানুল (৩ বছর ৪ মাস) ও আয়ান (৮ মাস)। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সম্প্রতি হামের উপসর্গ দেখা দেওয়ার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন ২৭১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে প্রতিদিনই চিকিৎসা শেষে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
বিশেষজ্ঞদের মতে, তুলনামূলক দুর্গম এলাকার শিশুরা হামে বেশি আক্রান্ত হচ্ছে। এসব শিশুর মৃত্যুঝুঁকিও তুলনামূলক বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে।