বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন

রাজধানীতে আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ

ডেস্ক / ৫৭ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
রাজধানীতে আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ

রাজধানীর মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। অন্যদের আটকের চেষ্টা করা হলে তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটসংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪), দারুস সালাম এলাকার মো. মাহফুজুর রহমান সিয়াম (১৯) এবং মিরপুর চিড়িয়াখানা স্টাফ কোয়ার্টারের মো. মনির হোসেন (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে প্রায় ৩০ থেকে ৪০ জন ওই এলাকায় জড়ো হন। তারা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা একজনকে ধরে গণপিটুনি দিয়ে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন।

পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আরও তিনজনকে আটক করে বনানী থানার পুলিশ। তবে অন্যদের আটক করতে গেলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে এসেছিলেন।ওসি বলেন, অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরো খবর