রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

একাই ৪ গোল মেসির

স্পোর্টস ডেস্ক / ১৬ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
একাই ৪ গোল মেসির

কোচের অনুপস্থিতিতেও থামানো গেল না লিওনেল মেসিকে। মেজর লিগ সকারে (এমএলএস) শনিবার রাতে সিএফ মন্ট্রিলকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইন্টার মিয়ামি, যা ক্লাবটির ইতিহাসের সর্বকালের সবচেয়ে বড় জয়। অনবদ্য এই জয়ে একাই চার গোল করে মূল ভূমিকা রেখেছেন মহাতারকা লিওনেল মেসি।

ম্যাচের ৪০তম মিনিটে এক ডিফ্লেক্টেড ফ্রি-কিক থেকে নিজের প্রথম ও দলের গোলের খাতা খোলেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন জাদুকর। বিরতির পর ৫২তম মিনিটে চোখধাঁধানো একক প্রচেষ্টায় একক ড্রিবলিঙে দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর সতীর্থ লুইস সুয়ারেজকে দিয়ে একটি গোল করানোর পর ম্যাচের ৮৩তম মিনিটে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল চিপ করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি।

তবে সেখানেই শেষ নয়, যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে ডি-বক্সের বাইরে থেকে নিজের ট্রেডমার্ক ফ্রি-কিকে ওপরের কোণ দিয়ে ম্যাচের চতুর্থ গোলটি সম্পন্ন করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।মেসির খেলোয়াড়ি জীবনে এটি একক ম্যাচে চার বা তার বেশি গোল করার অষ্টম ঘটনা এবং মিয়ামিতে যোগ দেওয়ার পর প্রথম। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে এইবারের বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছিলেন তিনি। চার গোলের এই প্রদর্শনীতে চলতি মৌসুমে মাত্র ১৯ ম্যাচে ১৮ গোল নিয়ে এমএলএসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এক নম্বরে উঠে এসেছেন মেসি।

পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর এ জয় দিয়ে নিজেদের ছন্দে ফেরাল ইন্টার মিয়ামি। স্থায়ী কোচ হিসেবে নিয়োগ পাওয়া ক্রিশ্চিয়ান ‘কিলি’ গঞ্জালেস ভিসা জটিলতায় ডাগআউটে দাঁড়াতে না পারায় সহকারী কোচ রাফায়েল পেরেসের অধীনেই মাঠে নামে দলটি। খেলায় মেসির চার গোল ছাড়া ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো মিয়ামির জার্সিতে তাঁর প্রথম গোল পান। এছাড়া অন্য দুটি গোল করেন লুইস সুয়ারেজ এবং ১৮ বছর বয়সী তরুণ আলেকজান্ডার শ। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে মিয়ামি।


এই বিভাগের আরো খবর