মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল রোনালদোর আল-নাসর

স্পোর্টস ডেস্ক / ১৬ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল রোনালদোর আল-নাসর

বিশ্ব ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল সৌদি আরবের পরাশক্তি দল আল-নাসর। সৌদি প্রো লিগে আল-খালিজের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলেও এই ম্যাচের মাধ্যমে বিশ্বের শীর্ষ সারির ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে টানা ম্যাচে অন্তত একটি করে গোল করার নতুন বিশ্বরেকর্ড নিজেদের নামে করে নিয়েছে রিয়াদভিত্তিক ক্লাবটি।

টানা ৯৪ ম্যাচে গোল করার মাধ্যমে তারা গুঁড়িয়ে দিয়েছে আর্জেন্টাইন জায়ান্ট ক্লাব রিভার প্লেটের ১৯৩৩ থেকে ১৯৩৬ সালের মধ্যবর্তী সময়ে টানা ৯৩ ম্যাচে গোল করার প্রায় শতবর্ষী ঐতিহাসিক রেকর্ডটি।আর্জেন্টাইন ক্লাবের রেকর্ড ভেঙে আল-নাসরের নতুন ইতিহাস গড়ার এই অর্জনে মূল চালিকাশক্তি হিসেবে নেতৃত্ব দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।২০২৩ সালের ডিসেম্বরে আল-হিলালের কাছে ৩-০ গোলে হারের পর আল-রিয়াদকে ৪-১ গোলে হারিয়ে আল-নাসরের এই অবিরাম গোল উৎসব শুরু হয়েছিল।

ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১১৩ ম্যাচে ১০৫টি গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো, যা আল-নাসরকে টানা ৯৪ ম্যাচে গোল করার মাইলফলক এনে দিতে মুখ্য ভূমিকা রাখে।আল-খালিজের বিপক্ষে ম্যাচের ৭২তম মিনিটে ২৭ বছর বয়সী ফরোয়ার্ড আবদুল্লাহ আল-হামদানের গোলটিতে ভর করে শতবর্ষী এই বিশ্বরেকর্ড অর্জিত হলেও পয়েন্ট হারানোর বিষাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আল-নাসরকে।

দুর্বল আল-খালিজের বিপক্ষে ড্র করার ফলে লিগ টেবিলের তিন নম্বরে নেমে গেছে আল-নাসর, যেখানে শীর্ষে থাকা আল-হিলালের চেয়ে তারা ২ পয়েন্টে পিছিয়ে পড়েছে।এদিকে চলতি মৌসুমই পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায় হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ৪১ বছর বয়সী রোনালদো।তবে অবসরে যাওয়ার আগেই ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১ হাজার অফিশিয়াল গোলের মাইলফলক ছোঁয়ার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি; বর্তমানে তাঁর মোট গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৭৯টিতে।


এই বিভাগের আরো খবর