বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

উৎসবমুখর পরিবেশে ‘রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল’-এর ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল সাউথ এশিয়া রেডিও ক্লাব শাহপরান ইউনিট

ডেস্ক / ৪৭ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের সিলেট জেলায় মধ্য ইউরোপের স্থলবেষ্টিত, অত্যন্ত নিরাপদ ও উন্নত রাষ্ট্র চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম “রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল (RPI)”-এর গৌরবের ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় সিলেটের শাহপরান এলাকার হোটেল আপন প্যালেসে এই উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দেশের শীর্ষস্থানীয় বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সভাপতি মো. ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম (S21MIR) এবং স্বাগত বক্তব্য রাখেন, বিশিষ্ট রেডিও অ্যাক্টিভিস্ট ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL)।

শুভেচ্ছা বক্তব্যে ড. মির শাহ আলম (S21MIR) বলেন, “রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল দীর্ঘ ৯ দশক ধরে সময়ের সাথে তাল মিলিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ শ্রোতাদের কাছে চেক প্রজাতন্ত্রের সংস্কৃতি, ইতিহাস, রাজনীতি এবং সমসাময়িক বিশ্ব পরিস্থিতি সম্পর্কে তথ্যবহুল, বস্তুনিষ্ঠ ও মানসম্মত অনুষ্ঠান নিখুঁতভাবে পৌঁছে দিচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং আন্তর্জাতিক সেতু তৈরিতে এই ঐতিহাসিক বেতার মাধ্যমটি অনন্য ভূমিকা রেখে চলেছে।” তিনি আগামী দিনগুলোতেও রেডিও প্রাগ ইন্টারন্যাশনালের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ ও বহির্বিশ্বে সাউথ এশিয়া রেডিও ক্লাবের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্বাগত বক্তব্যে দিদারুল ইকবাল (S21DAL) ইউরোপের অন্যতম প্রাচীন এই আন্তর্জাতিক রেডিও স্টেশন প্রতিষ্ঠার গৌরবময় ইতিহাস, বিশ্ব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের দীর্ঘ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বিশ্ব শান্তি ও মুক্ত গণমাধ্যমের স্বার্থে রেডিও প্রাগ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বেতার শ্রোতা ও শ্রোতাক্লাবগুলোর মধ্যকার দীর্ঘদিনের নিবিড় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। একই সাথে তিনি রেডিও প্রাগের ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সংস্করণে প্রকাশিত অ্যানিভার্সারি কিউএসএল (QSL) কার্ড সম্পর্কে উপস্থিত সবাইকে বিস্তারিত অবগত করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক সংস্কৃতি ও মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে স্টেশনটির অবিস্মরণীয় অবদানের প্রশংসা করেন এবং বাংলাদেশের শ্রোতাদের পক্ষ থেকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার দেলোয়ার হোসেন নাদিম, সাবেক মহিলা কমিশনার (৩১, ৩২ ও ৩৩নং ওয়ার্ড) মোছা. সাজেদা বেগম এবং দৈনিক সচিত্র সিলেটের ভারপ্রাপ্ত সম্পদক ও বেসরকারী উন্নয়ন সংস্থা সুবাস-এর নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন। সিলেটের চাকরির খবরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, নিউজ বাংলা ডট নিউজের সম্পাদক খায়রুল আলম সুমন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা ও শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিটের উপদেষ্টা মো. আব্দুছ ছবুর চৌধুরী, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম ও মো. আফজল চৌধুরী, সদস্য মো. মামুনুর রশিদ ও মো. দিলু মিয়া, সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী ও রায়হান আহমদ, সুবাস- সিলেটের অর্থ সম্পাদক মো. ফখরুল ইসলাম, হযরত শাহপরাণ রহ. ইসলামী সাংস্কৃতিক ফোরাম, সিলেটের সাধারণ সম্পাদক কে.এম খালিদ মুহাম্মদ, বাচিক শিল্পী মো. সুয়েজ হোসেন, বিকাশ রঞ্জন দাস, সুবীর কর্মকার, মাহবুব হাসান রাজু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা রেডিও প্রাগ ইন্টারন্যাশনালের দীর্ঘ ৯০ বছরের গৌরবময় পথচলার ওপর আলোকপাত করেন এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের এই আয়োজনকে সাধুবাদ জানান। তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগেও বাংলাদেশে বেতার শ্রোতাদের এমন স্বতঃস্ফূর্ত আয়োজন বিশ্ব গণমাধ্যমের প্রতি তাদের গভীর ভালোবাসা ও আন্তর্জাতিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানে শ্রোতা ক্লাবের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের সংবাদকর্মী, সমাজসেবক এবং উৎসাহী বেতার অনুরাগী শ্রোতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বহির্বিশ্বে চেক সংস্কৃতির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ১৯৩৬ সালের ৩১ আগস্ট সকাল ১০টায় প্রাগের নিকটবর্তী পোদেব্রাদি নামক স্থান থেকে প্রথমবার এই রেডিওর আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়েছিল। প্রথম লাইভ ঘোষণা দিয়েছিলেন চেকোস্লোভাক রেডিওর টেকনিক্যাল ডিরেক্টর এডুয়ার্ড স্বোবোদা। চেকোস্লোভাকিয়ার ঐতিহাসিক পটভূমিতে শুরু হওয়া এই বেতার কেন্দ্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই এবং মখমল বিপ্লবের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক ঘটনার সাক্ষী। ২০২৬ সালে পদার্পণ করে এই ঐতিহাসিক গণমাধ্যমটি তাদের সফল সম্প্রচারের ৯০ বছর পূর্ণ করল। বর্তমানে স্টেশনটি মোট ৭টি ভাষায় (ইংরেজি, জার্মান, ফ্রেঞ্চ, স্প্যানিশ, চেক, রাশিয়ান এবং ইউক্রেনীয়) বিশ্বব্যাপী তাদের অনুষ্ঠান এবং সংবাদ পরিবেশন করে আসছে। সময়ের সাথে তাল মিলিয়ে এই মাধ্যমটি এখন স্যাটেলাইট, মোবাইল অ্যাপ ও ইন্টারনেটের মাধ্যমে তাদের মাল্টিমিডিয়া কন্টেন্ট বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।


এই বিভাগের আরো খবর