বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

সিলেটে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ১৫৭ জন

ডেস্ক / ১২ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সিলেটে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ১৫৭ জন

সিলেট বিভাগে হামের প্রকোপের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে বিভাগটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪ জনে। তবে গত ২৪ ঘণ্টায় এ রোগে কারও মৃত্যু হয়নি।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০০ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৫ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন ভর্তি আছেন।

সিলেটের বাইরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ১৫৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন রয়েছেন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ভর্তি হয়েছেন।

একই সময়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, কোম্পানীগঞ্জে দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে কোনো নিশ্চিত রোগীও শনাক্ত হয়নি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন।স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মোট ১৬৮ জনের মৃত্যু হয়েছে।


এই বিভাগের আরো খবর