বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

বন্ধের পথে অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ

ডেস্ক / ২৮ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বন্ধের পথে অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ

বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সময় তাদের সঙ্গী ও সন্তানকে সাথে নিয়ে অস্ট্রেলিয়ায় থাকার সুযোগ বন্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। একই সাথে অস্থায়ী অভিবাসীদের ভিসা পরিবর্তনের নিয়মও আরও কঠোর করা হবে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। একই দিন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক অভিবাসন নীতিতে পরিবর্তন নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

অস্ট্রেলিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে দেশটির নিট বৈদেশিক অভিবাসন ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হবে। বর্তমানে এ সংখ্যা প্রায় ৩ লাখ।বর্তমান নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বামী, স্ত্রী বা সঙ্গীরা অস্ট্রেলিয়ায় থেকে কাজ করতে পারেন। তবে শিক্ষার্থীর কোর্সের ধরন অনুযায়ী তাদের কাজের সময়সীমা ভিন্ন হয়। পাশাপাশি ১৮ বছরের কম বয়সী নির্ভরশীল সন্তানদেরও সাথে নেওয়ার সুযোগ রয়েছে।

নতুন বিধিনিষেধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর দাবি সাম্প্রতিক সময়ে আরও জোরালো হয়েছে। দেশটির ওয়ান নেশন পার্টি চলতি সপ্তাহে তিন বছরের মধ্যে অস্থায়ী অভিবাসীর সংখ্যা ৭ লাখ ৫০ হাজার কমানোর প্রস্তাব দিয়েছে। দলটি বলেছে, এতে অস্ট্রেলীয়রা আবাসন ও অন্যান্য সুবিধার ক্ষেত্রে কিছুটা স্বস্তি পাবেন।

ওয়ান নেশন নিজেদের নীতিকে ‘অস্ট্রেলিয়া ফার্স্ট’ হিসেবে বর্ণনা করে। দলটির অভিবাসন নীতির সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির তুলনাও করা হয়েছে। দলটি প্রথম তিন বছরের পর নিট বৈদেশিক অভিবাসন বছরে ১ লাখ ৩০ হাজারে সীমিত করার লক্ষ্য জানিয়েছে।২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রায় দুই বছর পর সীমান্ত খুলে দেওয়ার পর অস্ট্রেলিয়ায় অভিবাসন দ্রুত বেড়ে যায়। আন্তর্জাতিক শিক্ষার্থী, ব্যাকপ্যাকার ও অস্থায়ী দক্ষ কর্মীদের মাধ্যমে অভিবাসনের বড় অংশ এসেছে।

তবে গত দুই বছর ধরে অভিবাসনের সংখ্যা কমছে। এর মধ্যেও সমালোচকদের অভিযোগ, অভিবাসীদের সংখ্যা বাড়ায় আবাসন ও অবকাঠামোর ওপর চাপ তৈরি হয়েছে এবং সামাজিক সংহতিও চাপে পড়েছে।সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়া বছরে অস্ট্রেলিয়ার নিট বৈদেশিক অভিবাসন ছিল ৩ লাখ ৬ হাজার। এর অর্ধেকের বেশি ছিলেন আন্তর্জাতিক শিক্ষার্থী। ২০২৪ সালে নিট অভিবাসন ছিল ৪ লাখ ২৯ হাজার এবং ২০২৩ সালে তা সর্বোচ্চ ৫ লাখ ১৮ হাজারে পৌঁছেছিল।


এই বিভাগের আরো খবর