বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সমর্থকদের ভালোবাসায় বিদায়ী ম্যাচের পথে কাঁদলেন মেসি

স্পোর্টস ডেস্ক / ১০ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সমর্থকদের ভালোবাসায় বিদায়ী ম্যাচের পথে কাঁদলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে যাওয়ার পথে সমর্থকদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছেন লিওনেল মেসি। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচের আগে দলের বাসে থাকা মেসিকে চোখের পানি মুছতে দেখা যায়।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মেসি প্রশিক্ষণকেন্দ্র থেকে মনুমেন্তাল স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেয় আর্জেন্টিনা দল। বাস বের হওয়ার আগেই সড়কের দুই পাশে বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন প্রিয় তারকাকে শেষবারের মতো দেখার জন্য।

বাসে বসে বাইরে তাকিয়ে সমর্থকদের উচ্ছ্বাস দেখতে দেখতে আবেগ ধরে রাখতে পারেননি মেসি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে চোখের পানি মুছছেন ৩৯ বছর বয়সী এই তারকা।

সমর্থকদের ভিড় এতটাই ছিল যে দলের বাসের চলাচল স্বাভাবিক রাখতে মোটরসাইকেলে থাকা পুলিশ সদস্যদেরও দায়িত্ব পালন করতে হয়। অনেকে বাসের কাছে যাওয়ার চেষ্টা করেন শুধু মেসিকে একবার কাছ থেকে দেখার জন্য। দলের দুই খেলোয়াড় এমিলিয়ানো মার্তিনেজ ও নিকো পাজও প্রশিক্ষণকেন্দ্রের বাইরে সমর্থকদের সেই ঢলের দৃশ্য ধারণ করেন।এক ঘণ্টার বেশি সময় পর মনুমেন্তাল স্টেডিয়ামে পৌঁছায় আর্জেন্টিনা দল। বাস থেকে নামার সময় অবশ্য মেসির মুখে ছিল হাসি। এরপর দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে মাঠে নামেন তিনি।

বেনিনের বিপক্ষে এই ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ। এর আগে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানান তিনি। আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমার শিরোপা।

আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬৮ গোল। জাতীয় দলের হয়ে চারটি বড় শিরোপাও জিতেছেন তিনি—২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ।জাতীয় দলের শেষ ম্যাচের আগে মেসি এক বার্তায় বলেন, এই জার্সি ছিল তাঁর স্বপ্ন, গর্ব ও জীবন। সমর্থকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের খুব মনে পড়বে।


এই বিভাগের আরো খবর