চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কণিকা কাপুর। লন্ডনভিত্তিক ব্যবসায়ী গৌতম হাতিরামানির সাথে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি। একই সাথে তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছেন এই গায়িকা।
কণিকা আরও জানিয়েছিলেন, ২০১৪ সালে প্রথমবার এবং ২০২০ সালে দ্বিতীয়বার গৌতমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। অবশেষে ২০২১ সালের আগস্টে গৌতম তাকে বিয়ের প্রস্তাব দেন। পরের বছরই বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
প্রসঙ্গত গৌতমের সাথে এটি ছিল কণিকা কাপুরের দ্বিতীয় বিয়ে। এর আগে রাজ চন্দকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। ১৮ বছর বয়সে বিয়ের পর লন্ডনে চলে যান কণিকা। তাদের তিন সন্তান—আয়ানা, সামারা ও যুবরাজ।
২০১২ সালে রাজের সাথে বিচ্ছেদ হয় কণিকার। এরপর সন্তানদের দায়িত্ব পালনের পাশাপাশি সংগীতজগতে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন তিনি।
২০১২ সালে ‘জুগনি জি’ গান দিয়ে আলোচনায় আসেন কণিকা। তবে ২০১৪ সালে ‘বেবি ডল’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। পরবর্তী সময়ে ‘চিট্টিয়া কালাইয়াঁ’, ‘দেশি লুক’ ও ‘লাভলী’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। ২০১৯ সালে গানের রিয়্যালিটি শো ‘দ্য ভয়েস’-এ তাকে একজন বিচারক হিসেবেও দেখা যায়।