বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি

ডেস্ক / ২৪ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি

সারা দেশে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আগামী তিন বছরে ১ হাজারটি বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকায় চলাচলের জন্য ২০০টি বাস বরাদ্দ রাখা হবে। বাকি বাসগুলো রাজধানীর বাইরের বিভিন্ন রুটে চালানো হবে।

সরকারের বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেয়া এক সাক্ষাৎকারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানান।তিনি বলেন, ‘গণপরিবহন সেবার মান উন্নয়নের লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে।’পরিকল্পনা অনুযায়ী, ঢাকার জন্য প্রাথমিকভাবে ২০০টি বাসের বহর গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে ৫০টি বাস আসার কথা রয়েছে। এরপর আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস আসবে বলে আশা করা হচ্ছে। পরিকল্পিত বাসগুলোর মধ্যে ৫০টি হবে গোলাপি রঙের, যা শুধু নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেয়া হচ্ছে। অন্যদিকে, আরও ৫০টি হবে লাল রঙের সাধারণ সার্ভিসের বাস, যেখানে নারী ও পুরুষ উভয় যাত্রী চলাচল করতে পারবেন। বাসগুলোর আকারেও ভিন্নতা থাকবে। নারীদের জন্য নির্ধারিত গোলাপি বাসগুলোর দৈর্ঘ্য হবে তুলনামূলক কম, ৯ মিটার। অন্যদিকে, লাল রঙের সাধারণ সার্ভিসের বাসগুলোর দৈর্ঘ্য হবে ১২ মিটার।

বৈদ্যুতিক বাসগুলোর নির্বিঘ্ন পরিচালনা নিশ্চিত করতে ঢাকায় বাস রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারিগরি সুবিধার জন্য পর্যাপ্ত জায়গা বরাদ্দেরও পরিকল্পনা রয়েছে সরকারের। তবে বাসগুলোর সুনির্দিষ্ট আসনসংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। বাসের আকার ও অভ্যন্তরীণ বিন্যাসের ওপর নির্ভর করে আসনসংখ্যা নির্ধারিত হবে বলে আশা করা হচ্ছে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানো, বায়ুদূষণ হ্রাস করা এবং ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে আরও টেকসই ও যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা।বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইতোমধ্যেই বিভিন্ন রুটে পিংক বাস চালু করা হয়েছে।

বিআরটিসির জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম বলেন, ‘এসব বাস পরিচালনার জন্য হালকা যানবাহন চালানোর লাইসেন্সধারী নারী চালকদের ভারী যানবাহন চালানোর উপযোগী করে গড়ে তুলতে বিআরটিসির প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে।’


এই বিভাগের আরো খবর