গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানা ঘেরাও করে পুলিশের বাধা উপেক্ষা করে ভেতরে প্রবেশ করেন। এ সময় থানায় ভাঙচুর চালানোর পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলাকারীরা পুলিশের চারটি গাড়িতেও আগুন দিয়েছেন।মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক ও দলটির নেতাকর্মীরা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। পরে শত শত মানুষ থানার সামনে জড়ো হয়ে ঘেরাও করেন। একপর্যায়ে তাঁরা থানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান এবং পুলিশের চারটি গাড়িতে আগুন দেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা থানায় আটক নেতাকর্মীদের ছিনিয়ে নিয়ে যান। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা থানা থেকে কিছুটা দূরে সরে গিয়ে অবস্থান নেন।এদিকে থানায় হামলার খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যদের কয়েকটি দল টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়। পথে নিলফা বাজার এলাকায় তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এরই মধ্যে রাত ৯টার দিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।এসব ঘটনায় হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, থানায় ভাঙচুরের খবর তিনি শুনেছেন। অগ্নিসংযোগ করে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে যাওয়ার খবরও পেয়েছেন।