বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির দ্বিগুণ সতর্কতা

ডেস্ক / ৭২ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির দ্বিগুণ সতর্কতা

ডিসেম্বর মাসকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতে অবস্থানরত পলাতক আসামিদের অবৈধভাবে দেশে প্রবেশ, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও পারাপার ঠেকাতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা তৎপরতা। পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় জনবল প্রায় দ্বিগুণ করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন।সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে বিজিবি সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন ও দিকনির্দেশনা দেওয়ার পর এসব তথ্য জানান ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

সীমান্তে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিটিভি ক্যামেরা ও তাপ শনাক্তকারী ড্রোনের ব্যবহার বাড়ানো হয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে দিন-রাত নজরদারি জোরদার করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিজিবির কুমিল্লা সেক্টরের অভিযান ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তে টহল বাড়ানো হয়েছে। ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি মামলার পলাতক আসামিরা যেন অবৈধভাবে দেশে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে লক্ষ্যে প্রতিটি সীমান্ত চৌকিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

তিনি আরও জানান, ডিসেম্বরের পরিস্থিতি বিবেচনায় সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি অবৈধভাবে লোকজনকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের নভেম্বর পর্যন্ত কুমিল্লা সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সামগ্রীর আনুমানিক মূল্য ৪১০ কোটি ৩৭ লাখ টাকা। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫৫ জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।সীমান্ত এলাকায় যেকোনো সন্দেহজনক গতিবিধি চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর জন্য জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর