বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

চা-বাগানের ছোট্ট ঘর থেকে বিশ্ববিদ্যালয়ে অন্তরা

মোঃ পাবেল আহমদ / ৪৭ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
চা-বাগানের ছোট্ট ঘর থেকে বিশ্ববিদ্যালয়ে অন্তরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের কালিঘাট চা-বাগানের ছোট্ট একটি ঘর থেকে উঠে এসে অদম্য ইচ্ছাশক্তি ও মেধার পরিচয় দিয়েছেন অন্তরা তাঁতী। বাবার দৈনিক মাত্র ১৮৭ টাকা মজুরির আয়ে চলা সংসারে বেড়ে উঠেও বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি, দুই পরীক্ষাতেই জিপিএ-৫ অর্জন করেছেন তিনি। সব প্রতিকূলতা পেরিয়ে বর্তমানে চট্টগ্রামের স্বনামধন্য এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষা গ্রহণ করছেন এই মেধাবী শিক্ষার্থী।

অন্তরার বাবা একজন সাধারণ চা-শ্রমিক। তাঁর সামান্য আয়ে পাঁচ সদস্যের সংসার চালানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনার খরচ জোগানো ছিল অত্যন্ত কঠিন। অভাবের কারণে অন্তরার জন্য আলাদা করে গাইড বই কেনা কিংবা কোচিং করার সুযোগ ছিল না। তবে দারিদ্র্য তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে দমাতে পারেনি। বন্ধুদের কাছ থেকে বই ও নোট ধার নিয়ে পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। বাড়িতে স্মার্টফোন না থাকায় আত্মীয়ের ফোন ব্যবহার করে ইউটিউবে বিভিন্ন ক্লাস দেখেও পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন।

অন্তরার এই কঠিন জীবনসংগ্রামে সহায়তার হাত বাড়িয়ে দেয় প্রথম আলো ট্রাস্ট ও আইডিএলসির ‘অদ্বিতীয়া’ শিক্ষাবৃত্তি। এই বৃত্তির সহায়তায় উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন চা-বাগানের এই মেধাবী শিক্ষার্থী।

দারিদ্র্য অন্তরার স্বপ্ন কেড়ে নিতে পারেনি। বরং প্রতিকূলতার সাথে লড়াই করে সামনে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। উচ্চশিক্ষা শেষ করে নিজেকে প্রতিষ্ঠিত করাই এখন তাঁর প্রধান লক্ষ্য। পাশাপাশি বাবার দীর্ঘদিনের হাড়ভাঙা পরিশ্রমের কষ্ট দূর করা এবং ছোট দুই বোনের পড়াশোনার দায়িত্ব নেওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

অন্তরার এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, সমাজের হাজারো স্বপ্নবাজ ও সংগ্রামী মেয়ের জন্যও অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

 


এই বিভাগের আরো খবর