আগামী ২ জানুয়ারি কৃষি গুচ্ছের ভর্তি আবেদন শুরু
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবারের ভর্তি প্রক্রিয়ায় আবেদনকারীদের যোগ্যতার ক্ষেত্রে কিছুটা শিথিলতা আনা হয়েছে। কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে এ ফি জমা দেওয়া যাবে। তবে লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচনের ক্ষেত্রে আবেদনকারীদের তালিকা থেকে ১ থেকে ৯ পর্যন্ত পছন্দক্রম দিতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থীদের পছন্দক্রম এবং আবেদন ফি জমা দেওয়ার তারিখ ও সময়ের অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হবে। প্রয়োজনে এক বা একাধিক উপকেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
আগামী ২ জানুয়ারি ২০২৭ (শনিবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এ পরীক্ষা হবে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে। মোট ১০০ নম্বরের পরীক্ষায় প্রশ্ন করা হবে ২০২৬ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষার সিলেবাস অনুযায়ী।
পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো—ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বর। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। অন্যদিকে, প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে এবার মোট আসন রয়েছে ৩ হাজার ৭৯৫টি। বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনসংখ্যা হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি আসন থাকায় সিলেটসহ আশপাশের অঞ্চলের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা বিশেষ গুরুত্ব বহন করছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।