রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা র‍্যাব খাঁচায় আটক

ডেস্ক রিপোর্ট / ৪৮৯ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা র‍্যাব খাঁচায় আটক

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা র‍্যাব খাঁচায় আটক

সিলেটে কিশোরীকে আটকে রেখে গণধর্ষণের ঘটনায় জড়িত ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সালামকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (০২ এপ্রিল) ভোররাত ২ টার দিকে সিলেটের গোলাপগঞ্জ থেকে তাকে আটক করে র‍্যাব-৯ এর একটি বিশেষ টিম।

এরপর বেলা ২টার দিকে তাকে নিয়ে র্যাব-৯ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ইউং কমান্ডার মো. মমিনুল হক গ্রেফতারের বর্ণনা দিয়ে বলেন, কিশোরী গণধর্ষণের পর গাঢাকা দেয় আব্দুস সালাম। পরবর্তীতে কোতোয়ালি মডেল থানায় ভিকটিমের মা মামলা দায়ের করলে ছাযা তদন্তে নেমে গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয় র্যাব’র বিশেষ টিম। তার বিরুদ্ধে ধর্ষণ, হত্যাসহ চারটি মামলা রয়েছে।

তিনি বলেন, কিশোরী গণধর্ষণে জড়িত অপর আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রাখা হয়েছে। র‍্যাব কর্মকর্তা বলেন, নগরের ঘাসিটুলার মতিন মিয়ার কলোনির এক কিশোরীকে ভাল কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২২ দিন আটকে রেখে গণধর্ষণ করে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সালাম ও তার সহযোগীরা। ঘৃণ্য অপরাধে তাদের সহযোগিতা করেন একই কলোনির বাসিন্দা রেখা বেগম। তিনি ফুসলিয়ে কিশোরীকে আবদুস সালামের হাতে তুলে দেন। আবদুস সালাম তার বাসায় আটকে রেখে সহযোগীদের নিয়ে টানা ২২ দিন ধর্ষণ করেন।

পরে মেয়েটি মুক্ত হলেও কয়েকদিন পর ফের আবদুস সালাম মেয়েটিকে তুলে নিয়ে আবদুল মনাফের সহযোগিতায় হবিগঞ্জে আটকে রাখে। সেখানে আবদুস সালাম, আবদুল মনাফসহ অজ্ঞাত কয়েকজন মিলে ফের ওই কিশোরীকে ধর্ষণ করে।

প্রায় দুই মাস নির্যাতনের পর গত ২৬ মার্চ এক আত্মীয়ের মাধ্যমে কৌশলে বন্দিদশা থেকে ভিকটিম পালিয়ে আসে এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা মায়ের কাছে খুলে বলে। এ ঘটনায় গত ২৯ মার্চ কোতোয়ালী থানায় তিনজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মামলা করেন তরুণীর মা।

মামলার প্রধান আসামি আবদুস সালাম সিলেট নগরীর লালাদিঘীরপাড় ৭০ নম্বর বাসার গাজী আবদুর রহিমের ছেলে। তিনি ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

অন্য আসামিরা হলেন সিলেট নগরীর লালাদিঘীরপাড় ২৭ নম্বর বাসার ইশাদ মিয়ার ছেলে আবদুল মনাফ (৩৮) ও ধর্ষণের ঘটনার সহযোগী নগরের ঘাসিটুলার মতিন মিয়ার কলোনির রেখা বেগম (৩০)।

এদিকে, ধর্ষণকান্ডের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সালামকে বহিস্কার করেছে মহানগর কমিটি। সেই সঙ্গে ওয়ার্ড কমিটিও বিলুপ্ত করেছে মহানগর কমিটির নেতৃবৃন্দ।
বহিস্কৃত আবদুস সালাম সিলেট নগরীর লালাদিঘীরপাড় ৭০ নম্বর বাসার গাজী আবদুর রহিমের ছেলে। তিনি ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

র‍্যাব হাতে আটকের পর গণধর্ষণের বিষয়ে ব্যাপক তথ্য দেয় আব্দুস সালাম। এভাবে চাকরীর প্রলোভন দিয়ে অসংখ্য তরুনীর সর্বনাশ ঘটিয়েছে সে। আর তাকে সহযোগিতা করতো একই কলোনির বাসিন্দা রেখা বেগম। বর্তমানে রেখা ও মনাফ পলাতক রয়েছেন। আটক আব্দুস সালামকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু এ তথ্য নিশ্চিত করে বলেন, গণধর্ষণের ঘটনায় জড়িত থাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সালামকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে ওই ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়েছে।


এই বিভাগের আরো খবর