সিলেটের সব স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের সব স্থলবন্দরে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে রোববার (১৪ এপ্রিল) পর্যন্ত টানা ৬ দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের সভাপতি আতিক হোসেন।
তিনি বলেন, ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তামাবিল, শেওলা, সুতারকান্দি, ভোলাগঞ্জ ও জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সবকটি বন্দরের সঙ্গে মিল রেখে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ১৫ এপ্রিল থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি লিয়াকত হোসেন বলেন, ঈদের আগে আর একদিন (সোমবার) বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হবে। এরপর টানা ছয়দিন বন্ধ থাকবে। আগামী ১৫ এপ্রিল থেকে এ কার্যক্রম স্বাভাবিক হবে।
সিলেটের শেওলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট নুরুল মোস্তফা বলেন, ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ। তবে আমাদের জনবল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।