তামাবিল স্থলবন্দরের সব কার্যক্রম দু’দিন বন্ধ থাকবে
সিলেটের তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধের ঘোষণা করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার (১৮-১৯ এপ্রিল) ২ দিন ভারতের ১৮ তম সাধারণ লোকসভা নির্বাচন। এ উপলক্ষে তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতীর ডাউকি ইমিগ্রেশন পুলিশ মৌখিক ভাবে তামাবিল ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেছে।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট’র সহকারী কমিশনার (তামাবিল স্থল শুল্ক স্টেশন) আসাদ উজ জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভারতীয় ইমিগ্রেশন থেকে এক চিঠিতে লিখিতভাবে বিষয়টি অবগত করা হয়েছে। মূলত; ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকলে আমদানি-রপ্তানিও বন্ধ থাকে। ভারতের লোকসভা নির্বাচনের জন্য এ দু’দিন সকল স্থল বন্ধরটি দিয়ে কার্যক্রম বন্ধ থাকবে। এরপর অটোমেটিক্যালি আবার স্বাভাবিক হবে।
জানা গেছে, ভারতের ১৮ তম সাধারণ লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল থেকে ১ জুন ৭ টি ধাপে অনুষ্ঠিত হবে । তামাবিল স্থলবন্দরের বিপরীতে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের ২ টি লোকসভা আসনে ১ম ধাপে আগামী ১৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যে কারণে বন্ধ থাকবে আমদানি-রফতানি ও ইমিগ্রেশন কার্যক্রম।