সিলেট নগরীর মানিকপীরের টিলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) বেলা দেড়টার দিকে সিলেট নগরীর মানিকপীর কবরস্থানের অভ্যন্তরে টিলার রেলিংয়ের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আবুল হাসান সাবিল জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে। তিনি নগরীর সাপ্লাই এলাকায় বসবাস করতেন।পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে সিলেট নগরীর মানিকপীর কবরস্থানের টিলায় ওঠার সিঁড়ির পাশে এক যুবকের লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে গিয়ে উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের লাশের পাশে পাঠাও কুরিয়ারের কিছু সামগ্রী পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে সে ওই প্রতিষ্ঠানে কাজ করে। ঘটনাস্থল থেকে পাঠাও কাজে ব্যবহার করা সাইকেল ও তার মোবাইল উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। সুরতহার প্রতিবেদন তৈরি করে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে নিহত যুবক পাঠাও কুরিয়ারের কাজ করে। ঘটনাটি তদন্ত করছি। হত্যাকাণ্ডের সাথে জরিতদের দ্রুত গ্রেফতার করা হবে।