বৃষ্টিতে ফের ডুবলো সিলেট নগরী
মাত্র তিন ঘণ্টার রেকর্ড ২২০ মিলিমিটার বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার কবলে পড়ল সিলেট নগরের বিভিন্ন এলাকা। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে দুইবার জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হলো নগরের বাসিন্দাদের।শনিবার (৮ জুন) রাত ৯ টার দিকে বৃষ্টি শুরু হয়। রাত ১২টা পর্যন্ত টানা বৃষ্টি চলে। এতে নগরের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও দোকানপাটে। অবশ্য রোববার সকালে পানি নেমে যায়।
এর আগে গত ২ জুন রাতেও ভারী বৃষ্টিতে সিলেট নগরে জলাবদ্ধতা দেখা দেয়। পানিতে তলিয়ে যায় নগরের শতাধিক এলাকা। এতে দুর্ভোগে পড়েন এসব এলাকার বাসিন্দারা।শনিবার রাতে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টিতে নগরের ওসমানী হাসপাতাল,রায় নগর ,মেজ টিলা,দর্জি পাড়া,উপশহর, তেররতন, দরগাহ মহল্লা, জালালাবাদ, তালতলা, জামতলা, সোবহানীঘাট, শিবগঞ্জ, মিরের ময়দানসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এসব এলাকার বেশিরভাগ বাসায় পানি ঢুকে পড়ে।
সিলেট আবহাওয়া অফিসর সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব গণমাধ্যমকে জানান, শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ মিলিমিটার এবং ৯টা থেকে ১২টা পর্যন্ত ২২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত বৃষ্টি হয় ৩৪ মিলিমিটার।