২৪ ঘন্টার আলটিমেটাম সিসিক মেয়র-কাউন্সিলর ও কর্মকর্তাদের পদত্যাগে
সিলেট সিটি করপোরেশনের মেয়র, সকল কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী এবং বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলীদের পদত্যাগে ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. গোলাম মর্তুজা সেলিম এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আলটিমেটাম দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আমরা জানতে পেরেছি, সিলেট সিটি কর্পোরেশনে কর্মরত আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা ১৫ আগস্টকে কেন্দ্র করে নানা ধরনের বিশৃঙ্খলা,অরাজকতা ও নাশকতা করার পায়তারা করছে। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, এদেশের ছাত্র সমাজ সবাইকে সাথে নিয়ে তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, ইনশাআল্লাহ। ’
‘একইসাথে আল্টিমেটাম দিচ্ছি, সিলেট সিটি কর্পোরেশনে কর্মরত স্বৈরাচারের দালালরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি পদত্যাগ না করেন, তাহলে সিটি কর্পোরেশন ঘেরাও করা হবে। এরপর জনতা আপনাদের বিষয়ে সিদ্ধান্ত নিবে।’ এমনটি জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এরপর বুধবার বিকাল ৫টায় নগরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের সমন্বয়ক আব্দুল্লাহ আল গালিব বলেন, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তাদের পদত্যাগ করতে আলটিমেটাম দেওয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে নগরভবন ঘেরাও করে তাদের বিষয়ে জনতা সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী ২০২৩ সালের ২১ জুন মেয়র নির্বাচিত হন। গত বছরের ৭ নভেম্বর মেয়রের দায়িত্ব নেওয়ার পর তার ঘনিষ্ট লোক মো. ইফতেখার আহমদ চৌধুরী এ বছরের ২৪ জানুয়ারি সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। এছাড়া গত ২০ বছর ধরে সিলেট সিটি করপোরেশনে কর্মরত রয়েছেন প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান। তার সঙ্গে জুটি বেধে আছেন তত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর। এবার তাদের পদত্যাগে আলটিমেটাম দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।