জগন্নাথপুরে চালককে জবাই করে লাশ সেতুতে ফেলে রেখে সিএনজি ছিনতাই
সুনামগঞ্জের জগন্নাথপুরে সুজিত দাস (২৬) নামের এক অটোরিকশা সিএনজি চালককে নৃশংসভাবে জবাই করে হত্যার পর লাশ রাণীগঞ্জ সেতুতে ফেলে রেখে তার সিএনজি গাড়িটি নিয়ে গেছে ছিনতাইকারীরা। নিহত সুজিত দাস জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামের সোহাগ দাসের ছেলে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ সেতুতে।
জানাগেছে, ১৬ নভেম্বর শনিবার রাত ৮ টার দিকে রাণীগঞ্জ সেতুতে সুজিত দাসের গলাকাটা মৃতদেহ দেখতে পান পথচারীরা। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ১৭ নভেম্বর রোববার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, গলাকাটা মৃতদেহটি উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো মামলা হয়নি।
তবে পুলিশের তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় যাত্রী-জনতার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এমন নৃশংস হত্যাকান্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকায় ভীতিকর পরিস্থিতি
বিরাজ করছে। স্থানীয়রা জানান, ঘটনাস্থলে জবাই করা লাশ দেখতে পেলেও তার সিএনজি গাড়িটি পাওয়া যায়নি। তারা ধারণা করে বলেন, যাত্রীবেশী
ছিনতাইকারীরা সিএনজি চালক সুজিতকে জবাই করে হত্যার পর লাশটি ব্রিজে ফেলে দিয়ে গাড়িটি নিয়ে গেছে। এদিকে-রোববার এ নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এবং প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার সহ ন্যায় বিচারের দাবিতে জগন্নাথপুর পৌর শহরে অন্যান্য ক্ষুব্দ সিএনজি চালকদের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদসভা মিছিল অনুষ্ঠিত হয়েছে।