বুধবার (২০ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে মঙ্গলবার আসামের করিমগঞ্জ জেলায় ৯ বাংলাদেশিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- মো. মামুন, আবু নাইম, রাশেদ ইসলাম, মুরাদ আলী মন্ডল, মো. আশরাফুল হক, মো. বসির হাওলাদার, মো. রবিউল হাওলাদার, মো. মহাবত আলী ও মো. মহিম হোসেন। পরে তাদেরকে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কর্ণাটকে আটক শেখ সাইফুর রহমান, মুহাম্মদ সুমন আলী, মাজহারুল, আজিজুল শেখ, মুহাম্মদ সাকিব সিকদার এবং সানোয়ার হোসেন। তাদের সবার বয়স ২২ থেকে ২৯ বছরের মধ্যে।
এদিকে এই অভিযানের প্রশংসা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন: “আজ আসাম পুলিশ করিমগঞ্জে ৯ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে শনাক্ত করেছে ও গ্রেপ্তার করেছে এবং পরে তাদেরকে সীমান্তের ওপারে পাঠিয়ে দিয়েছে।”
অন্যদিকে কর্ণাটকের চিত্রদুর্গায় জাল কাগজপত্রসহ আটক হয়েছেন ৬ বাংলাদেশি। ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ বি দিনাকর জানিয়েছেন, বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ হওয়ায় অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, আটককৃত ১৫ জনের মধ্যে ছয়জন জাল নথি ব্যবহার করে ভারতে বসবাস এবং কাজ করছেন।”
তিনি আরও বলেন, “আমরা কলকাতায় তাদের জাল আধার কার্ড, ভোটার আইডি, লেবার কার্ড এমনকি ব্যাংক অ্যাকাউন্টও খুঁজে পেয়েছি। তারা এই জাল পরিচয়ে বিভিন্ন রাজ্যে কাজ করে আসছিল। আমরা সোমবার চিত্রদুর্গা জেলায় তাদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছি।”
দিনাকর আরও বলেন, ভারতে বসতি স্থাপনের উদ্দেশ্যে তারা বেশ কয়েক বছর আগে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
এর আগে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আট বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল দেশটির পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনের বাড়ি গোপাালগঞ্জে বলে জানা গেছে।
পশ্চিমবঙ্গের খরদহ থানার তিনটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বৈধ-অবৈধ উপায়ে ভারতে আশ্রয় নিয়েছে এমন অভিযোগের ভিত্তিতে দেশটির অন্তত ১৭ জায়গায় মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযান চালায়।