রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলারকে এক বছরের সাজা, দোকান সিলগালা

ডেস্ক রিপোর্ট / ৯৭১ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলারকে এক বছরের সাজা, দোকান সিলগালা

সুনামগঞ্জের জগন্নাথপুরে সুহেল আহমদ নামের এক খাদ্যবান্ধব ডিলারকে এক বছরের সাজা ও ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসিন উদ্দিন এ দন্ডাদেশ প্রদান করেন। জানাগেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের সুহেল আহমদ রৌয়াইল বাজারের খাদ্যবান্ধব ডিলার নিয়োগ পান। ডিলার নিয়োগের শর্ত অনুযায়ী রৌয়াইল বাজারে দোকান নিয়ে সরকারি বরাদ্দকৃত খাদ্যপণ্য রাখার কথা থাকলেও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনা অনুমতিতে রাণীগঞ্জ বাজারের একটি দোকানে খাদ্যপণ্য চাল মজুদ করেন।

২৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসিন উদ্দিনের নেতৃত্বে রাণীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এক জায়গার খাদ্যপণ্য অন্য জায়গায় মজুদ রাখার দায়ে খাদ্যবান্ধব ডিলার সুহেল আহমদকে এক বছরের সাজা ও ২ লাখ টাকা অর্থদন্ড করেন। অনাদায়ে আরো ২ মাসের দন্ড প্রদান করা হয়। একই সঙ্গে ৮৭৪ বস্তা ৩০ কেজি ও ৫০ কেজি ওজনের চাল জব্দ করা হয় এবং তার ডিলারশিপ বাতিল করা হয়। জব্দকৃত চালসহ দোকানটি সিলগালা করে দেয়া হয়েছে। পরে দন্ডপ্রাপ্ত আসামী সুহেল আহমদকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.মহসিন জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.সাহাব উদ্দিন, জগন্নাথপুর থানার এসআই রিফাত, রাণীগঞ্জ খাদ্যগুদাম কর্মকর্তা নিপম সুমের ও রাণীগঞ্জ বাজার সেক্রেটারি আবুল কাশেম সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর