খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় ঘুরতে যাওয়া এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন ত্রিপুরা (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার এই দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রাতেই ভুক্তভোগী বাদী হয়ে মাটিরাঙা থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্কুলশিক্ষিকা খাগড়াছড়ি সদর থেকে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে মাটিরাঙ্গার একটি পর্যটনকেন্দ্র বেড়াতে যাচ্ছিলেন। পথে লিটন ত্রিপুরা মোটরসাইকেলটির গতি রোধ করেন। একপর্যায়ে পিস্তল ঠেকিয়ে তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে যান লিটন ত্রিপুরা। এরপর তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর ১০ হাজার টাকা দাবি করেন।
পরে ভুক্তভোগীর বন্ধু স্থানীয় সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনী ও স্থানীয়রা লিটন ত্রিপুরাকে গ্রেপ্তার করে। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম বলেন, ‘গতকাল রাত সাড়ে ৯টার দিকে আমরা ধর্ষণের অভিযোগে মোটরসাইকেল চালক লিটন ত্রিপুরাকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’