শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়, সংসদের দক্ষিণ প্লাজায়

ডেস্ক রিপোর্ট / ২১৯ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়, সংসদের দক্ষিণ প্লাজায়

আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া এভিনিউসংলগ্ন এলাকায় জানাজা অনুষ্ঠিত হবে।

নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। এর আগে দুপুর ১২টায় জরুরি বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি এমন সময় চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি দরকার ছিল।

তিনি জানান, তাঁর জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। জানাজা শেষে ‘জিয়া উদ্যানে’ জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে শায়িত করা হবে।

এ ছাড়া পুরো আয়োজনের সঞ্চালনায় থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।


এই বিভাগের আরো খবর