নানা অনিশ্চয়তা ও নিরাপত্তাজনিত শঙ্কা কাটিয়ে আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’।
উৎসবের পূর্ণাঙ্গ সময়সূচি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, এবারের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে চীনের সিনেমা ‘দ্য জার্নি টু নো এন্ড’। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘চায়নিজ ফিল্ম উইক’, যার মাধ্যমে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদযাপন করা হবে।
রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে থাকছে মোট ১১টি বিভাগ। বিশ্বের ৭০টিরও বেশি দেশ থেকে নির্বাচিত ২৪৬টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্যের সিনেমা প্রদর্শিত হবে।
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। বিকেল ৫:৩০ মিনিটে এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগের প্রতিযোগী হিসেবে প্রদর্শিত হবে ‘দ্য জার্নি টু নো এন্ড’। একই দিনে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ইরানের সিনেমা ‘উইদাউট মি’।
উৎসবের ভেন্যু হিসেবে থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম।
এবারের উৎসবে বাংলাদেশ প্যানারোমা বিভাগে জায়গা পেয়েছে ৯টি দেশীয় সিনেমা।
এগুলো হলো—সোহেল রানা বয়াতীর ‘নয়া মানুষ’, জোবাইদুর রহমানের ‘উড়াল’, বিপ্লব কুমার পাল বিপুর ‘ধামের গান’, অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, সুমন ধরের ‘আগন্তুক’, আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, মনিরুল হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, জ্যাক মিরের ‘দ্য স্টোরি অব আ রক’ এবং তানিম নূরের ‘উৎসব’।
৯ দিনব্যাপী এ আয়োজন শেষ হবে ১৮ জানুয়ারি, যেখানে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।