বিপিএলে সিলেট টাইটানসের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হারলো রংপুর রাইডার্স। রংপুরের ১১৪ রান ১৫ বল আর ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় সিলেট টাইটানস।
দিনের প্রথম ম্যাচে সিলেটে নিজেদের শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে রংপুর। দুই ওভারে ৬ বলের মধ্যে ৬ রানে দুই ওপেনার কাইল মায়ার্স ও তাওহিদ হৃদয় আউট হন। এরপর ১১তম ওভারে চতুর্থ উইকেট পড়লেও রান দ্রুত বাড়েনি। খুশদিল শাহের সাথে ৪০ রানের জুটি গড়ে ফিরে যান ১৭ রান করা ইফতিখার আহমেদ। তারপর শুরু হয় ধস। একশ’ রান করা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে মাহমুদউল্লাহর ব্যাটে একশ’ পার করে প্রথম পাঁচ ম্যাচে চার জয় পাওয়া রংপুর।
সিলেটের হয়ে নাসুম আহমেদ, শহিদুল ইসলাম তুলে নেন ৩টি উইকেট। আর মঈন আলির শিকার দুইটি। মাত্র ১১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় সিলেট। উদ্বোধনী জুটিতে আসে ৫৪ রান। মাত্র ২২ বলে ৩৩ রান করে আউট হন ওপেনার তৌফিক খান। আর পরের উইকেটে ব্যাট করতে নেমে ২৬ বলে ২১ রান করেন ডানহাতি আরিফুল ইসলাম। এরপর মঈন আলীকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। মাঠ ছাড়ার আগে ছক্কা মেরে ফিফটি তুলে নেন ইমন। তিনি অপরাজিত থাকেন ৪১ বলে ৫২ রানে। কোনো বল না খেলেই মাঠ ছাড়েন মঈন আলি।
৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকায় সিলেট এখন দ্বিতীয়। দুই ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে চট্টগ্রাম। আর টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের সমীকরণে বড় ধাক্কা খাওয়া রংপুর ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে চারে।