মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সিলেট জেলা শিল্পকলা একাডেমির নবীন বরণ ও কোর্স সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

মোঃ পাবেল আহমদ / ১৬৫ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
সিলেট জেলা শিল্পকলা একাডেমির নবীন বরণ ও কোর্স সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

জেলা শিল্পকলা একাডেমি, সিলেট এর উদ্যোগে প্রশিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে অভিভাবক সমাবেশ ও গণভোট ২০২৬ সংক্রান্ত অবহিতকরণ সভা এবং ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রশিক্ষণার্থীদের নবীন বরণ ও চার বছর মেয়াদি কোর্স সমাপনী পরীক্ষা ২০২৫ উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে একাডেমির কালচারাল অফিসার জ্যোতি সিনহার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম অংশে গণভোট ২০২৬ সংক্রান্ত অবহিতকরণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. সারওয়ার আলম। তিনি গণভোট নিয়ে বিস্তারিত তুলে ধরে বলেন, `২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের একটি বড় আকাঙ্ক্ষা জনগণের মধ্যে প্রকাশ পেয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। রাষ্ট্রে পরিবর্তন আনতে হলে আগে সংবিধান পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তাই আমরা যদি আগামীর বাংলাদেশকে সংস্কার ও পরিবর্তন করতে চাই, তবে ‘হ্যাঁ’ ভোট দেবো। আর সংস্কার ও পরিবর্তন না চাইলে, ‘না’ ভোট দেবো। দেশের কল্যাণে সঠিক সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।‘

গণভোট ২০২৬ অবহিতকরণ সভা শেষে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়।

অনুষ্ঠানের দ্বিতীয়াংশে চার বছর মেয়াদি কোর্স সমাপনী পরীক্ষা ২০২৫ উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. সারওয়ার আলম।

এরপর সংগীত, নৃত্য, আবৃত্তি ও চারুকলা বিভাগে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন প্রশিক্ষণার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় এবং মঞ্চে প্রত্যেক নতুন শিক্ষার্থীদের গোলাপ ফুল উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।

আবৃত্তি বিভাগের নবীন শিক্ষার্থী ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল তার অনুভূতি জানিয়ে বলেন, ‘আমার বাবার স্বপ্ন আমি যেন শিল্পকলা থেকে প্রশিক্ষণ নিয়ে সাংস্কৃতিক বিকাশে যুক্ত হতে পারি। আজ থেকে তা পূরণ হতে চলেছে। আমার খুব আনন্দ লাগছে। আমরা যারা নতুন তাদের এমন সুন্দর একটি অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ।’

বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) বলেন, ‘নবীন শিক্ষার্থীদের পদচারণায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি মুখরিত হয়ে উঠতে দেখে বেশ ভালো লাগছে। আমার সন্তানও এই শিল্পকলায় নবীন শিক্ষার্থী হয়ে এসেছে। আমি নিজেই একজন সংস্কৃতিমনা মানুষ তাই আমি তাকেও সাংস্কৃতিক চর্চায় অনুপ্রাণিত করে যাচ্ছি। যাতে সে শিল্প সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ তিনি আরো বলেন, শিল্পকলা থেকে প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা যাতে সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজের পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে কাজ করতে পারে, সাংস্কৃতিক জাগরণ ঘটাতে পারে আমি সেই প্রত্যাশা করি।’


এই বিভাগের আরো খবর