মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা সদর বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এরপর একে একে জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জৈন্তাপুর মডেল থানা পুলিশ, উপজেলা আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগ (পিডিপি) এবং পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জোসেফ মঞ্জুর চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সকলেই মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং স্বাধীনতার চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।