বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পাকা ধান নিয়ে উৎকণ্ঠায় কৃষক

ডেস্ক / ৫ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
সুনামগঞ্জে পাকা ধান নিয়ে উৎকণ্ঠায় কৃষক

বৈরী আবহাওয়ার প্রভাবে সুনামগঞ্জের হাওরগুলোর পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা। মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত আতঙ্কে অসহায় হয়ে পড়েছেন জেলার কৃষকরা। এদিকে হু হু করে পানি বাড়ায় পাকা ধান তুলতে পারবেন কি না এ নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন তারা। চোখের সামনে তলিয়ে যাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন।

এদিকে এখন পর্যন্ত সুনামগঞ্জে প্রায় ৪৭ শতাংশ ধান কর্তন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

টানা বর্ষণ ও উজানের ঢলে দুর্ভোগ বেড়েছে হাওরাঞ্চলের কৃষাণ-কৃষাণীদের। হু হু করে হাওরে পানি বাড়ায় বাড়ছে জলাবদ্ধতা। এতে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে পারছেন না কৃষকরা। ফলে হাওরে এখন তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে।

অন্যদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলের চাপে বাঁধ ভেঙ্গে বিভিন্ন হাওরে পানি প্রবেশ করায় কৃষকদের চোখের সামনে তলিয়ে যাচ্ছে স্বপ্নের সোনালী ফসল। একদিকে শ্রমিকের অভাবে হাওরের পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা। অপরদিকে মাড়াই করা ধানও স্তূপে নষ্ট হচ্ছে।

প্রকৃতির এ বিরূপ আচরণে দিশেহারা হয়ে পড়েছেন সুনামগঞ্জের কৃষকরা। ইতিমধ্যে বহু কৃষকের ফসল পানিতে তলিয়ে গেছে বলে জানান স্থানীয়রা।

হাওর ও ননহাওর মিলিয়ে প্রায় ৪৭ শতাংশ ধান ইতিমধ্যে কর্তন করা হয়েছে বলে জানান সুনামগঞ্জ কৃষি অতিরিক্ত উপ-পরিচালক মো: নাজমুল কবির। ধান কাটার শ্রমিক সংকট নিরসনে চেষ্টা চলছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর