কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন।
শনিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী একটি ড্রামট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়।
স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করেন। তারা আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিছু আহতকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়।
আহতদের মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
নিহতদের মধ্যে দুইজনের মরদেহ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অপর এক নারী চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, তানহা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে আসছিল। পথে কুঠিপাড়া এলাকায় পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে ২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা চারজনের মধ্যে একজন নারী মারা গেছেন। বাকি তিনজন পুরুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করেন।