বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

উত্তাল সাগরে ১২–১৮ ফুট ঢেউ

ডেস্ক / ৪৬ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৮ জুলাই, ২০২৬
উত্তাল সাগরে ১২–১৮ ফুট ঢেউ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ১২ থেকে ১৮ ফুট উচ্চতার ঢেউ এবং ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযান সমুদ্রে না পাঠাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন পাথরঘাটার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সারতাজ স্বাক্ষরিত এক জরুরি সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। এতে জেলে, ট্রলার মালিক, ঘাট কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমুদ্রে মাছ ধরা, বাণিজ্যিক কার্যক্রম বা অন্য কোনো উদ্দেশ্যে নৌযান না পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সমুদ্রে ঢেউয়ের উচ্চতা ১২ থেকে ১৮ ফুট পর্যন্ত উঠছে। এ পরিস্থিতিতে সমুদ্রে গেলে প্রাণহানির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৈরী আবহাওয়ায় কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধার অভিযান পরিচালনাও কঠিন হয়ে পড়বে, যা উদ্ধারকারী সদস্যদের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে।

কোস্ট গার্ড আরও জানিয়েছে, বিরূপ আবহাওয়া আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি এ সতর্কবার্তাটি দ্রুত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে সমুদ্রে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই কোস্ট গার্ড ও আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার সমুদ্রে না পাঠানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর