সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সারোয়ার মুর্শেদ শামীম। শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এসএমপির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
বিমানবন্দর থেকে পুলিশ অফিসার্স মেসে পৌঁছানোর পর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান। পরে এসএমপির একটি চৌকস দল নবনিযুক্ত পুলিশ কমিশনারকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন এবং মাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। এরপর এসএমপি সদর দফতরে গিয়ে বিভিন্ন শাখার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।
এসএমপি সদর দফতরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নগর পুলিশের কার্যক্রম, দায়িত্ব পালন এবং পারস্পরিক সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন নতুন পুলিশ কমিশনার।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনারসহ এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ২৬ জুলাই বিদায়ী পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সিলেট ত্যাগ করেন। পরদিন নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের যোগদানের কথা থাকলেও শাশুড়ির ইন্তেকালের কারণে তিনি নির্ধারিত দিনে যোগ দিতে পারেননি। পরে শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।