সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে অরুণ দেবনাথ নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে মইয়ার হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।এর আগে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে।
এখনও নিখোঁজ রয়েছেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার হেমেন্দ্র দেবনাথ, সত্যেন্দ্র নাথ সতী এবং অধীর দেবনাথ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন একটি নৌকায় করে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ১০ জনের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন।
শনিবার সকাল ১১টার দিকে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়। বাকি তিনজনের সন্ধানে উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, ভোররাতের এ দুর্ঘটনার পর থেকেই উদ্ধার কার্যক্রম চলছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করতে সিলেট ফায়ার সার্ভিসের সহায়তাও চাওয়া হয়েছে।