সিলেট বিভাগে হামের সংক্রমণ আরও উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৪ জন।বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মারা যাওয়া শিশুদের একজন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকার চার মাস বয়সী আবু বক্কর। তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামের সাত মাস বয়সী তাইফা। চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭৪ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৭৭৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৫৬ জন, হবিগঞ্জে ৮৫ জন, মৌলভীবাজারে ৮২ জন এবং সুনামগঞ্জে সবচেয়ে বেশি ৩৫১ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে ৩০৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নয়জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে হামের সন্দেহজনক ও নিশ্চিত সংক্রমণে মোট ১২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছেন ছয়জন।পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের প্রতি শিশুদের নির্ধারিত সময়ে হামের টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কারও মধ্যে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও অনুরোধ করা হয়েছে।