মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিজিবির দাবি, নিহত যুবক চোরাকারবারের সাথে জড়িত ছিলেন।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে। রবিবার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
বিজিবি জানায়, রবিবার ভোর ৪টার দিকে কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় একদল চোরাকারবারি যাওয়ার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
৪৬ বিজিবির অধিনায়ক সরকার আসিফ মাহমুদ জানান, নিহত তারা মিয়ার বিরুদ্ধে চোরাকারবারের একটি মামলাও রয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজও চলছে।