মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সুখবর বাংলাদেশ, ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক / ৩৫ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
সুখবর বাংলাদেশ, ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে টাইগাররা

দীর্ঘদিনের জল্পনা-কল্পনা, অপেক্ষা আর সমীকরণের অবসান ঘটিয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করেছে বাংলাদেশ। আইসিসির র‍্যাঙ্কিং সমীকরণে লাল-সবুজের প্রতিনিধিরা মূল পর্বে জায়গা করে নিলেও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাইপর্ব।

মূলত বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সরাসরি কোয়ালিফাইয়ের লড়াই চলছিল। বেলফাস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান মূল পর্ব নিশ্চিত করার পর র‍্যাঙ্কিংয়ের হিসাব অনুযায়ী নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের বিশ্বকাপ টিকিটও।

নিয়মানুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮টি দল বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাবে। তবে যৌথ স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি অংশ নেবে। যেহেতু প্রোটিয়ারা ইতোমধ্যে শীর্ষ আটের মধ্যে রয়েছে, তাই র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে থাকা দলটিরও সরাসরি মূল পর্বে খেলার সুযোগ তৈরি হয়।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, আফগানিস্তানের সাথে সরাসরি বিশ্বকাপে অংশ নেবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

৩০ সেপ্টেম্বরের আগে ভারতের সাথে ওয়েস্ট ইন্ডিজের দুটি ওয়ানডে ম্যাচ বাকি থাকলেও, দুটি ম্যাচ জিতলেও বাংলাদেশকে টপকে যাওয়ার কোনো গাণিতিক সুযোগ ক্যারিবীয়দের নেই। ফলে ওয়েস্ট ইন্ডিজকে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে।


এই বিভাগের আরো খবর